
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় দুটি সরকারি দপ্তর লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের সামনে দুটি এবং পাশের চান্দগাঁওমুখী ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলজিইডি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।
তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগরের ব্যস্ততম এলাকায় সরকারি দপ্তরের সামনে এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।