
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়া এলাকার মো. হোসেন (২৪), পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমন (১৯) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান ওরফে ফোরকান (৫৫)।
পুলিশ জানায়, মো. হোসেন বোয়ালখালী থানার মামলা নম্বর ০৭-এর এজাহারনামীয় আসামি। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। অপর দুইজনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।