
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, ফুসকা, কিসমিস ও কসমেটিকসসহ ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৬টি শাড়ি, ৩টি কম্বল, আধা কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, দেড় কেজি কিসমিস ও ১০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।