
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৯টি টিম পৃথকভাবে এসব তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের জন্যও সতর্ক করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে মাহিন এন্টারপ্রাইজকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৪ হাজার টাকা এবং একই অপরাধে এইচ আর সলিউশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে Mashwi-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মির্জাপুর বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে নিউ সরদার ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং মেসার্স হোসেন ট্রেডার্সকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার মীর মোশাররফ হোসেন সড়ক বাজার এলাকায় সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তানভীর স্টোরকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ৩ হাজার টাকা এবং কারিগরি প্রকাশনীকে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ ও মিঠাপুর বাজারে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স তাওহিদ ফার্মেসি বেকারিকে এবং মেসার্স সালমা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রয়োজন ট্রেডার্স ও বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি বাজারে সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স রিফাত ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিসমিল্লাহ হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা এবং মেসার্স হাসান ফল ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ডালমিল মোড় বাজার এলাকায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে খুলনা রয়েল হসপিটালকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।