
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন
কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী গাড়ি চালকদের সচেতন করতে আজ রোববার দুপুরে বিশেষ ক্যাম্পেইন চালায় জেলা পুলিশ।
সড়ক দুর্ঘটনা রোধ ও চালকদের ট্রাফিক আইন মানতে সচেতন করার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ‘নিরাপদ গাড়িচালক চাই’ স্লোগানে এ কার্যক্রমের মাধ্যমে চালকদের আরও দায়িত্বশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে বাসে সচেতনতামূলক স্টিকার সাঁটিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
ক্যাম্পেইন শেষে চালক ও হেলপারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়। এ জন্য চালক ও পরিবহনমালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। চালকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই জেলা পুলিশের এ প্রচার কার্যক্রম।
তিনি আরও বলেন, চালকদের সচেতন করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।