
লালমোহন (ভোলা) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। র্যালিটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানবকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের বিভিন্ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের মানুষের জন্য দলের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।