
মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শিশু স্বর্গ’।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
শিশু স্বর্গের মহাসচিব সৈয়দ মো. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের শিক্ষক-প্রশিক্ষক ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে দাতা সংস্থা চাইল্ড হেভেন ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক রবিন কাপুচিনো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মো. মোর্শেদ হোসেন শিশু স্বর্গের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম, সহ-সভাপতি নুরুল আমিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর জেসমিন আরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদ হোসাইন, অ্যাকাউন্টস অফিসার রেজাউল করিম ও প্রোগ্রাম অফিসার ইয়াকুব আলী সুজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।