
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলার চটকা পোতা গ্রামে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর কামাল উদ্দিন নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শার্শা উপজেলার চটকা পোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশুর পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে কামাল উদ্দিন তার দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।