
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১০টি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
খুলনা মহানগরীর সদর থানার স্যার ইকবাল রোড বাজারে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে রোজ ম্যারিকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার বেনীবাবু রোডে সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ন্যাশনাল ডিপার্টমেন্টাল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা মহানগরীর বয়রা এলাকায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে অভিযানে রয়েল বেকারিকে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স আখি মেডিসিন হলকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ঝরনা ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া বাজারে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ৩ হাজার টাকা এবং মেসার্স জিতু রিতু হোটেল রেস্টুরেন্টকে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর সদর উপজেলার বারিনগর বাজারে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সৌরভ স্টোরকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুহাম্মাদপুর উপজেলার মুহাম্মাদপুর বাজারে সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স আলিফ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স সুফি ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে আছাদ বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স খান হোমিও হল ও সিয়াম স্টোরকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে পৃথকভাবে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।