
নিজস্ব প্রতিভাবান
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। সম্প্রতি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মারোতের প্রতিনিধি মোবারক হোসাইন। তিনি বলেন, শুক্রবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের পরিচয় জানা গেলেও তার বাবার পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানসিক অসুস্থতার কারণে ওই নারী এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না। ফলে কীভাবে তিনি গর্ভবতী হয়েছেন, সে বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নবজাতকের নিরাপত্তা, চিকিৎসা ও ভবিষ্যৎ পরিচর্যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে ওই নারীর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবিও উঠেছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানা গেছে, “ওই নারী হাসপাতালে সন্তান প্রসব করেছেন। মা ও নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
স্থানীয়দের মতে, নবজাতক কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের মানবিক দায়িত্ব। পাশাপাশি ওই নারী কীভাবে গর্ভবতী হয়েছেন, তা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা নবজাতক ও তার মায়ের সুরক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।