বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। সময়মতো গ্রাহকদের বিদ্যুৎ বিল হাতে না পৌঁছেই সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরবর্তীতে মোটা অঙ্কের টাকা আদায়ের পাঁয়তারা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রকৌশলী মেহেদী হাসানের খামখেয়ালি ও স্বেচ্ছাচারী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। নিয়মতান্ত্রিক উপায়ে নির্ধারিত সময়ে গ্রাহকদের হাতে বিদ্যুৎ বিল পৌঁছানোর কথা থাকলেও তা করা হচ্ছে না। উল্টো বিল বকেয়ার অজুহাতে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই আকস্মিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এরপর পুনরায় সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ বা প্রতিবাদ জানালে প্রকৌশলী মেহেদী তাদের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি সংযোগ পুনরায় না লাগানোর হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানি করা হয়।
এ বিষয়ে সমাজের সচেতন ও অভিজ্ঞ মহল ক্ষোভ প্রকাশ করে বলছেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি কুচক্রী মহলের ইন্ধনে বা খামখেয়ালিপনায় গ্রাহকবান্ধব সেবা বিঘ্নিত করা হচ্ছে। মেহেদী হাসানের এমন ঔদ্ধত্যপূর্ণ ও বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের অর্জন ও সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে।
গ্রাহকদের চরম দুর্ভোগ ও ক্ষোভের কথা মাথায় রেখে অবিলম্বে অভিযুক্ত প্রকৌশলী মেহেদী হাসানকে বোরহানউদ্দিন ওজোপাডিকো অফিস থেকে প্রত্যাহার করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত