সেলিম রেজা তাজ, বেনাপোল,যশোর:
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ছয়টি টিম এসব অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
খুলনা মহানগরীর সদর থানার রয়েল মোড় এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এস সামাদ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে অভিযানে সাতক্ষীরা আদি যাদব ঘোষ ডেয়ারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা, স্পা জেন্টস পার্লার অ্যান্ড সেলুনকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং সিটি কুইন্স ডায়াগনস্টিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যশোর সদর উপজেলার রাজারহাট মোড় বাজার এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাংলা বাজারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার তালা উপজেলার তালা বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযানে রাজীব স্টোর ও মিতু স্টোরকে ৫০০ টাকা করে এবং মনিরুল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল সদর উপজেলার নাকশী ও মাছিমদিয়া বাজার এলাকায় সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় মেসার্স সিরাজ মোটরসকে ২ হাজার টাকা এবং মেসার্স সরদার ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিশ্বাস বীজ ভাণ্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ২৫ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে জিয়া ফল ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা ও সিরাজ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত