মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙে দেওয়া একটি অনুমোদনহীন ইটভাটা পুনরায় নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। এক মাস না যেতেই প্রকাশ্যে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৬ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পালের নেতৃত্বে নশিরারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এমএসবি ব্রিকস নামে একটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ অভিযানের এক মাস পূর্ণ হওয়ার আগেই ইটভাটাটির পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে, ওই ইটভাটার পাশেই কাঁঠালতলী এলাকায় ‘টিএবি ব্রিকস’ নামে আরও একটি ইটভাটা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ কাঁঠালতলী-মহিমাগঞ্জ সড়কসংলগ্ন এসব ইটভাটায় মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নশিরারপাড়া-বড়াইকান্দি সড়কে চলাচলকারী আবু বক্কর ও আব্দুল মমিন মিয়া বলেন ইটভাটার কারণে এ এলাকায় চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রশাসনের অভিযানে ভাটা ভেঙে দেওয়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছিল। এখন আবার নির্মাণকাজ শুরু হওয়ায় তারা উদ্বিগ্ন।
স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন ইটভাটার ধোঁয়া ও কার্যক্রমের কারণে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের ফসলেরও ক্ষতি হচ্ছে।
অভিযোগের বিষয়ে এমএসবি ব্রিকসের স্বত্বাধিকারী ইনছার আলী মুঠোফোনে বলেন আমার কিছু বলার নেই। নানা কারণে দায়-দেনার মধ্যে আছি। ভাটা চালু করা ছাড়া আমাদের পথ নেই।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে যথাযথভাবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত