মো:সেলিম রেজা তাজ
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ সিরাপ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ২ বোতল ESCUF SYRUP, ৪৮ বোতল WINCEREX SYRUP, ২০০ পিস VIGORE যৌন উত্তেজক ট্যাবলেট, ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা ও ২৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মিলন (৩৪)কে আটক করা হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত