মোঃরহমাতুল্লাহ জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার অনুষ্ঠান ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই আইনকে অমান্য করে মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহনে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল।
আইনের তোয়াক্কা না করে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেরাই আইন অমান্য করলে অন্যদের অবস্থা কী হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি জাকসু নির্বাচন কমিশনের সদস্য হয়ে নির্বাচনকালীন সময়ে ছাত্রদলের দলীয় প্রোগ্রামে অংশ গ্রহনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা কবিরের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করে ছাত্রদল। প্রজ্ঞাপন অনুসারে যা স্পষ্টত বেআইনি।
গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিধি নিষেধ আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান সভা-সমাবেশ, কর্মসূচী এবং মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠান নিষিদ্ধের ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আজিজুর রহমান মুকুলের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
দোয়া মাহফিলে উপস্থিতির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “মসজিদ তো এবাদতের জায়গা, এখানে দোয়া মাহফিলে হয়েছে তাই আমি যোগ দিয়েছি। দোয়া মাহফিলে হাজির হলে দোষের কিছু নাই, রাজনীতিও করার কিছু নাই।
তবে ক্যাম্পাসে অনুষ্ঠান, সভা-সমাবেশ নিষিদ্ধ সময়ে অনুষ্ঠানে ছাত্রদলকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “তারা প্রতি বছরই দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। তবে আমরা প্রথমে বলেছি না করলে ভালো হয়। তারা জানিয়েছে শুধু দোয়া করবে। তাই উর্ধ্বতনের মৌখিক অনুমতি নিয়ে তারা দোয়া মাহফিল করেছে। তবে না করলে ভালো হতো।”
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত